মঙ্গলবার, নভেম্বর 10, 2026
21:24:40 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নন্দীগ্রাম দিবসে বিস্ফোরক শুভেন্দু!১১ জনকে টুকরো করে সাগরে ফেলার অভিযোগ,নতুন করে তদন্তের হুঁশিয়ারি

নন্দীগ্রাম দিবসে ২০০৭ সালের ১০ নভেম্বরের ঘটনা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।১১ জনকে খুন করে গভীর সমুদ্রে ফেলার অভিযোগ, নতুন করে FIR ও তদন্তের ঘোষণা।

অমিত রায়,মানুষের মতামত:নন্দীগ্রাম দিবসে দাঁড়িয়ে ২০০৭ সালের ১০ নভেম্বরের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রামের গোকুলনগরে শহিদ স্মরণ অনুষ্ঠানে তিনি দাবি করেন, বাম আমলে ১১ জনকে অপহরণ করে পিস পিস করে কেটে গভীর সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও ওই ঘটনার বিচার সম্পূর্ণ হয়নি।

২০০৭ সালের ১০ নভেম্বর সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, তৎকালীন শাসকদল সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে হামলা চালায়। ঘটনাটি ‘অপারেশন সূর্যোদয়’ নামে পরিচিত। ওই ঘটনায় মৃত্যুর পাশাপাশি বহু মানুষের নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠে।

মুখ্যমন্ত্রী জানান, আগে সিআইডি তদন্ত হলেও অপরাধীদের শাস্তি হয়নি। প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠকেও গ্রেফতার করা হয়েছিল এবং তাঁকে ১৮১ দিন জেলে থাকতে হয়েছিল বলে দাবি করেন তিনি। এবার নতুন করে এফআইআর করে তদন্ত ও বিচারের উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা করেন শুভেন্দু।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন তিনি। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও নিখোঁজদের পরিবারের হাতে মৃত্যুর শংসাপত্র তুলে দেওয়া হয়নি। নন্দীগ্রামের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করাই তাঁর সরকারের লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন