শুক্রবার, নভেম্বর 13, 2026
05:28:46 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শিশুর বারবার জ্বর হচ্ছে কেন?সাধারণ ভাইরাল সংক্রমণ,নাকি বড় কোনও বিপদের ইঙ্গিত? সতর্ক থাকুন অভিভাবকরা!

শিশুর ঘন ঘন জ্বর হওয়ার কারণ কী? ভাইরাল সংক্রমণ, ডেঙ্গি ও অন্যান্য রোগের লক্ষণ এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি, জেনে নিন অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ।

একটি স্বাস্থ্য প্রতিবেদন:শিশুর জ্বর হওয়া খুবই সাধারণ ঘটনা। তবে অল্প সময়ের ব্যবধানে বারবার জ্বর আসা অভিভাবকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসকদের মতে, শিশুদের বারবার জ্বর হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। এর মধ্যে অন্যতম হল ভাইরাল সংক্রমণ। ঋতু পরিবর্তন, আবহাওয়ার তারতম্য, স্কুলে বা অন্য শিশুদের সংস্পর্শে আসার ফলে ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

তবে সব জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর ভেবে অবহেলা করা উচিত নয়। ডেঙ্গি, ম্যালেরিয়া, মূত্রনালির সংক্রমণ, নিউমোনিয়া-সহ বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকেও শিশুর জ্বর হতে পারে। বিশেষ করে জ্বরের সঙ্গে শরীরে ব্যথা, বমি, পেটে ব্যথা, র‍্যাশ, অতিরিক্ত দুর্বলতা কিংবা খাওয়ায় অনীহা দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।

চিকিৎসকদের পরামর্শ, শিশুর বারবার জ্বর হলে শুধু জ্বরের ওষুধ খাইয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়। জ্বর কত দিন থাকছে, কতটা তাপমাত্রা উঠছে এবং অন্য কোনও উপসর্গ দেখা দিচ্ছে কি না, সেদিকে নজর রাখতে হবে। পর্যাপ্ত জল ও তরল খাবার দিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না।

বিশেষ সতর্কতা প্রয়োজন তিন মাসের কম বয়সি শিশুর ক্ষেত্রে। এই বয়সে ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। পাশাপাশি শ্বাসকষ্ট, খিঁচুনি, অস্বাভাবিক ঘুমঘুম ভাব, পানীয় গ্রহণে অক্ষমতা বা প্রস্রাব কমে গেলে জরুরি চিকিৎসা প্রয়োজন।মনে রাখতে হবে, বারবার জ্বর মানেই বড় কোনও রোগ নয়। তবে সঠিক সময়ে কারণ নির্ণয় ও চিকিৎসাই শিশুকে সুস্থ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়।

 

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন