বসিরহাটের হাসনাবাদের মুরারীশাহ বকুলতলায় পুলিশ ও BSF-এর যৌথ অভিযানে গোডাউন থেকে কোটি টাকারও বেশি ফেনসিডিল উদ্ধার। মাছের মীন সরবরাহের থার্মোকলের বাক্সে মাদক পাচারের অভিযোগ।পলাতক মূল অভিযুক্ত।
হাসানুজ্জামান,মানুষের মতামত: মাছের ব্যবসার আড়ালে চলছিল ফেনসিডিল পাচারের কারবার! গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাটের হাসনাবাদ থানার মুরারীশাহ বকুলতলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে কোটি টাকারও বেশি মূল্যের ফেনসিডিল উদ্ধার করল পুলিশ ও BSF।
অভিযোগ, স্থানীয় বাসিন্দা মোমেন মোল্লা দীর্ঘদিন ধরে মাছের ভেড়ি ও মাছের মীন সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত। সেই ব্যবসার আড়ালেই মাছের মীন পরিবহণে ব্যবহৃত থার্মোকলের বাক্সে লুকিয়ে ফেনসিডিল পাচার করা হত। বাইরে থেকে দেখলে বাক্সগুলিকে মাছের মীন ভর্তি বলেই মনে হত।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ ও BSF জওয়ানরা একটি গোডাউনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেন। পাশাপাশি অভিযুক্তের তিনটি বাড়ির মধ্যে একটিতেও তল্লাশি চালানো হয়, যদিও সেখান থেকে কিছু মেলেনি। প্রায় ১০ ঘণ্টা ধরে চলে এই অভিযান।
তবে অভিযানের সময় মূল অভিযুক্ত মোমেন মোল্লা-সহ কাউকেই গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ফেনসিডিল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখার পাশাপাশি পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
