পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা, মাদক, নিষিদ্ধ কাশির সিরাপ ও গবাদি পশু পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে।বিএসএফ ও রাজ্য পুলিশের নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
রিয়া গিরি,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান রোধ এখন বড় চ্যালেঞ্জ।উত্তর ২৪ পরগনা,নদিয়া, মুর্শিদাবাদ,মালদহ ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ সীমান্ত এলাকায় বিএসএফ ও রাজ্য পুলিশের নজরদারি থাকলেও মাঝেমধ্যেই সামনে আসছে পাচারের ঘটনা। কোথাও সোনা, কোথাও নিষিদ্ধ কাশির সিরাপ, আবার কোথাও গবাদি পশু পাচারের অভিযোগ। ফলে প্রশ্ন উঠছে, এত অভিযান ও নজরদারির পরেও কীভাবে সক্রিয় থাকছে পাচারচক্র?
সাম্প্রতিক কয়েকটি ঘটনা এই প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের আগস্টে মালদহের মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট থেকে ২.৪২ কোটি টাকা ও সোনার বার উদ্ধার হয়। কাছের একটি গুদাম থেকে প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপও উদ্ধার করে পুলিশ। একই বছরের ৩০ আগস্ট নদিয়ার বনিপুর সীমান্ত এলাকায় বিএসএফের অভিযানে ১৫.৬০৭ কেজি সোনা উদ্ধার হয়। যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৪.৯৫ কোটি টাকা।
সেপ্টেম্বরে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে দুই বাংলাদেশি নাগরিককে আটক করার ঘটনায় তাঁদের ভারতে প্রবেশে সাহায্য করার অভিযোগে এক সেনা জওয়ানও গ্রেফতার হন। অন্যদিকে, অক্টোবর মাসে নদিয়ার তাহেরপুরে অভিযান চালিয়ে ১৬টি গরু উদ্ধার করে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও প্রায় দুই লক্ষ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ধ্বংস করা হয়।এই ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে, সীমান্ত নিরাপত্তার বিষয়টি শুধু অনুপ্রবেশে সীমাবদ্ধ নয়। সোনা, মাদক, ওষুধ ও গবাদি পশু পাচারের মতো একাধিক সমস্যার মোকাবিলা করতে হচ্ছে প্রশাসনকে।
সীমান্তের কিছু এলাকায় নদী, চর, জনবসতি এবং কাঁটাতারের বেড়ার অভাব নজরদারিকে কঠিন করে তোলে। পাশাপাশি পাচারচক্রের স্থানীয় সহযোগী, গুদাম ও পরিবহণ ব্যবস্থার ভূমিকাও খতিয়ে দেখা প্রয়োজন।এক্ষেত্রে বিএসএফের পাশাপাশি রাজ্য পুলিশের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই বাহিনীর মধ্যে নিয়মিত তথ্য আদানপ্রদান, যৌথ অভিযান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পাচারচক্রের মূল মাথাদের চিহ্নিত করা জরুরি।
সবচেয়ে বড় প্রশ্ন, উদ্ধার ও গ্রেফতারের পর সেই মামলাগুলির পরিণতি কী হচ্ছে? শুধু পণ্য উদ্ধার করলেই দায়িত্ব শেষ হয় না। পাচারের মূল চক্র ভাঙতে হবে। সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সহযোগিতাও নিতে হবে। সীমান্ত সুরক্ষিত হলে তবেই নিরাপদ থাকবে দেশ ও সাধারণ মানুষের জীবন।
