মঙ্গলবার, নভেম্বর 17, 2026
05:22:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়ে ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ,গ্রেপ্তার বিজেপির মণ্ডল সহ সভাপতি

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে চাকরি ও সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ। নন্দকুমারে গ্রেপ্তার বিজেপির মণ্ডল সহ সভাপতি অভিজিৎ করণ। আদালতের নির্দেশে দু’দিনের পুলিশ হেফাজত।

রাজকুমার বেরা,মানুষের মতামত:মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে চাকরি ও সরকারি কাজের বরাত পাইয়ে দেওয়ার নামে প্রায় ৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা অভিজিৎ করণ। তিনি নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ সভাপতি। শনিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার পূর্ব মেদিনীপুর সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি এবং বিধানসভায় প্রার্থী করার টোপ দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা তুলেছিলেন অভিজিৎ। অভিযোগকারী বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিকের দাবি, তাঁকে প্রার্থী করার আশ্বাস দিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করানোর পর ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। খঞ্চির আরও এক নেতার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় একই কায়দায় প্রতারণার অভিযোগ ওঠে। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসার পর পুলিশকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে। এরপর ১১ নভেম্বর থানায় এফআইআর দায়ের করেন রিপুঞ্জয়বাবু।

অন্যদিকে, ধৃত অভিজিৎ করণ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন