SIR প্রক্রিয়ার পর ভোটার তালিকায় বাদ-পড়া যোগ্য নাগরিক ও নতুন ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ উদ্যোগ। হেল্প ডেস্ক, বিশেষ শিবির এবং ভোটার নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নতুন পদক্ষেপ ঘিরে প্রশ্নও উঠছে।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:নতুন ভোটার এবং ভোটার তালিকায় নাম বাদ পড়া যোগ্য নাগরিকদের দ্রুত অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও জেলা নির্বাচন আধিকারিক ও ইআরওদের বিশেষ শিবির এবং হেল্প ডেস্ক চালুর নির্দেশ দিয়েছে বলে জানানো হয়েছে। কমিশনের ভোটার পরিষেবা পোর্টালেও নতুন ভোটারের জন্য ফর্ম ৬, নাম বাদ দেওয়ার ক্ষেত্রে ফর্ম ৭ এবং সংশোধন বা ঠিকানা পরিবর্তনের জন্য ফর্ম ৮-এর ব্যবস্থা রয়েছে।
নির্বাচন দফতরের লক্ষ্য, প্রক্রিয়াগত জটিলতার কারণে কোনও যোগ্য নাগরিক যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। পাশাপাশি প্রথমবার ভোট দেওয়ার যোগ্য নতুন ভোটারদেরও দ্রুত তালিকাভুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। এই কাজে ইলেকটোরাল লিটারেসি ক্লাবগুলিকেও যুক্ত করার কথা বলা হয়েছে।
তবে এই উদ্যোগের সময়কাল ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্নও উঠেছে। বিরোধীদের একাংশের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের পর চাপের মুখেই কমিশন এই পদক্ষেপ করছে। অন্যদিকে নির্বাচন দফতরের বক্তব্য, যোগ্য ভোটারদের অধিকার নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ।
