বিদেশি নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ!আত্মনির্ভর ভারতের আকাশে নতুন পালক,বায়ুসেনার হাতে উঠছে তেজস ও এইচটিটি-৪০

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আত্মনির্ভর ভারতের লক্ষ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে ভারত। আগামী ১৮ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া হবে হালকা যুদ্ধবিমান তেজসের চূড়ান্ত কার্যক্ষমতা-অনুমোদনপ্রাপ্ত দুই আসনের প্রশিক্ষণ বিমান এবং এইচটিটি-৪০ প্রাথমিক প্রশিক্ষণ বিমান। একই অনুষ্ঠানে ধ্রুবের নতুন প্রজন্মের হেলিকপ্টার তুলে দেওয়া হবে পবন হংস লিমিটেডের হাতে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডুর উপস্থিতিতে এই হস্তান্তর অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং-সহ প্রতিরক্ষা ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি এই বিমান ও হেলিকপ্টারগুলি দেশের নিজস্ব বিমান নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে তুলে ধরবে। পাশাপাশি দেশীয় শিল্প ও সহযোগী সংস্থাগুলির মাধ্যমে সামরিক ও অসামরিক—দুই ক্ষেত্রেই উন্নত বিমান তৈরির সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও সামনে আসবে। বিদেশি উৎসের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তি ও উৎপাদন শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
