শুক্রবার, অক্টোবর 2, 2026
18:26:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিমেন্ট কারখানার নালার কাছে মহিলার দেহ!কোলাঘাটে ধর্ষণ-খুনের অভিযোগে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৪৫ বছরের এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শরীরে আঘাতের চিহ্ন, ধর্ষণ-খুনের অভিযোগের তদন্তে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গিয়েছে।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক মধ্যবয়স্ক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের দাবি, কোলাঘাটের একটি সিমেন্ট কারখানার নালার কাছে মহিলাকে ধর্ষণের পর খুন করা হয়ে থাকতে পারে। পরে রক্ষাচক এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার শরীরের গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্তে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মৃতা ও ধৃত ব্যক্তি একই এলাকার একটি দোকানে কাজ করতেন বলে স্থানীয় সূত্রের দাবি। তবে ধর্ষণের অভিযোগ এবং ঘটনার সম্পূর্ণ কারণ এখনও তদন্তসাপেক্ষ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। মহিলা নিরাপত্তা ও দ্রুত তদন্তের দাবিতে সরব হয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের একাংশ। তাঁদের অভিযোগ, পূর্ব মেদিনীপুরে নারী নির্যাতন, ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশের তদন্ত আরও সক্রিয় করার পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত থাকলে তাদেরও দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন