বসিরহাটের মাটিয়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে শতাধিক মহিলার বিক্ষোভ। গোপালপুর মোড়ে টাকি রোড অবরোধের জেরে ব্যাহত যান চলাচল।
হাসানুজ্জামান,মানুষের মতামত:মহাপুজোর প্রাক্কালে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় ক্ষোভ-বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়েছে। মাটিয়া থানার গোপালপুর মোড়ে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ার অভিযোগে শতাধিক মহিলা টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, সমস্যার সমাধানের আশায় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাঁরা সেবা শিবিরে হাজির হয়েছিলেন। কিন্তু সেখানেও সমস্যার কোনও সমাধান হয়নি।
অবরোধের জেরে গুরুত্বপূর্ণ টাকি রোডে যান চলাচল ব্যাহত হয়। এলাকায় তৈরি হয় উত্তেজনা। পরে প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, বিভিন্ন এলাকায় বার্ধক্য ও বিধবা ভাতা না পাওয়ার অভিযোগও উঠেছে। উপভোক্তাদের দাবি, দ্রুত নথিপত্র যাচাই করে প্রকৃত যোগ্যদের সরকারি প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে হবে। ২ থেকে ৪ অক্টোবর সেবা শিবিরে সরকারি প্রকল্প সংক্রান্ত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
