বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
10:55:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৮৫ লক্ষ টাকার রাস্তা ১৫ দিনেই বেহাল!উন্নয়নের রাস্তা,নাকি দুর্নীতির নমুনা?খেজুরিতে গ্রামবাসীদের ক্ষোভ

পূর্ব মেদিনীপুরের খেজুরি-২ ব্লকের চৌদ্দচূলী বুথে রাস্তার নির্মাণকাজ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ। আলগা পিচ হাত দিয়ে তুলে বিক্ষোভ গ্রামবাসীদের। তদন্ত ও ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি-২ ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের চৌদ্দচূলী বুথে রাস্তার কাজ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ৮৫ লক্ষ টাকা বরাদ্দে মুণ্ডমারি জনকল্যাণ চণ্ডী মন্দির থেকে কুঞ্জপুর বেলগাছ টালি ভাটা পর্যন্ত পিচ রাস্তা নির্মাণ করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই রাস্তার বেহাল অবস্থা সামনে এসেছে বলে অভিযোগ।

এদিন গ্রামবাসীরা রাস্তার উপর থেকে আলগা হয়ে থাকা পিচমাখা উপকরণ হাত দিয়ে টেনে তুলে দেখিয়ে দেন কাজের মান। তাঁদের অভিযোগ, তেলবিহীন ও নিম্নমানের উপকরণ ব্যবহার করেই রাস্তা তৈরি করা হয়েছে। ঠিকাদার খেজুরির শ্যামপুরের বাসিন্দা গোপাল দাসকে সামনে রেখে বিক্ষোভ দেখান তাঁরা। এই বিষয়ে হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই মণ্ডল নিরুত্তর থাকেন বলে অভিযোগ।

গ্রামবাসীদের দাবি, উন্নয়নের নামে সরকারি অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধ হওয়া জরুরি। পূর্বের তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে মানুষ পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু বিজেপি পরিচালিত জেলা পরিষদের এই রাস্তার কাজ নিয়েও একই অভিযোগ ওঠায় ক্ষুব্ধ এলাকাবাসী। অবিলম্বে তদন্ত ও যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন