ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকার-সহ তিনজনকে সোনা চুরির অভিযোগে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ। এক নাবালকের বাড়ি থেকে প্রায় ৩৫ গ্রাম সোনা চুরির অভিযোগ উঠেছে।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগের পর এবার সোনা চুরির অভিযোগে বিতর্কে ডাবগ্রাম-ফুলবাড়ির এক বিজেপি যুব নেতা। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সম্পাদক নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযোগ, এক নাবালককে ভয় দেখিয়ে এবং মাদক খাইয়ে তাঁর বাড়ি থেকে প্রায় ৩৫ গ্রাম সোনা-সহ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে নয়ন সরকার-সহ দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি,ধৃতদের জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া সোনা কেনার অভিযোগে শিলিগুড়ির ভেনাস মোড়ের একটি গয়নার দোকানের মালিক অয়ন মাইতিকেও গ্রেফতার করা হয়েছে। তিনি পূর্ব চয়নপাড়ার বাসিন্দা। ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।অন্যদিকে,দলের ভাবমূর্তি যাতে আরও ক্ষতিগ্রস্ত না হয়,সেই কারণেই নয়ন সরকারকে তড়িঘড়ি সমস্ত দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। রাজ্যের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য,কয়েক দিন আগেই এই বিধানসভা এলাকাতেই পণ্যবাহী গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন দুই যুবক। অভিযোগ, তাঁদের প্রত্যক্ষভাবে মদত দিয়েছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার ওবিসি মোর্চার জেলা সম্পাদক সঞ্জয় বিশ্বাস। সেই ঘটনায় সঞ্জয় বিশ্বাসকেও রাজ্যের নির্দেশে দলীয় সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। যদিও মূল অভিযুক্ত সঞ্জয় বিশ্বাস এখনও অধরা বলে জানা গিয়েছে।একই বিধানসভা এলাকায় পরপর বিজেপি নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্যের শাসকদল। তবে বিজেপির তরফে এ বিষয়ে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
