পর্যটক ভিসায় ভারতে এসে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সামরিক এলাকার আশপাশে ঘোরাঘুরির অভিযোগে বাংলাদেশি যুবক মহম্মদ সেলিমকে চ্যাংরাবান্ধা সীমান্তে গ্রেফতার করা হয়েছে। ISI যোগের সন্দেহে তদন্ত চলছে।
তপন রায়,মানুষের মতামত:উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সামরিক এলাকায় নজরদারির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক অভিবাসন পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয় মহম্মদ সেলিম (৩০) নামে ওই যুবককে। সে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, পর্যটক ভিসায় ভারতে এসে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল সে। দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্রের পাশাপাশি বাগডোগরা ও হাসিমারা বিমানঘাঁটির আশপাশে তার গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হয়। দেশে ফেরার সময় সীমান্তে তাকে আটক করা হয়।
ধৃতের কাছ থেকে পাকিস্তানের এক সন্দেহভাজন গোয়েন্দা আধিকারিকের নামে ভিজিটিং কার্ড পাওয়া গিয়েছে বলেও দাবি করা হচ্ছে। তার সঙ্গে কোনও গুপ্তচরচক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য NIA ও IB আধিকারিকরা আসতে পারেন। তবে ধৃতের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তাধীন। ঘটনায় সীমান্ত ও গোয়েন্দা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
