তিন দিন মাটির নীচে লুকিয়ে প্রাণ বাঁচানোর দাবি! খালেক মোল্লাকে গ্রেফতারের দাবিতে মিনাখাঁয় বিজেপির মিছিল। গ্রেফতার না হলে ধরনায় বসার হুঁশিয়ারি বেল্লাল মোল্লার। 
হাসানুজ্জামান,মানুষের মতামত:অভিযুক্ত খালেক মোল্লাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এবার দলের অন্দরেই সরব হলেন বিজেপি নেতা-কর্মীদের একাংশ।মিনাখাঁ ৪ নম্বর মণ্ডলের সংখ্যালঘু সেলের সভাপতি বেল্লাল মোল্লার নেতৃত্বে মিছিল করে প্রতিবাদ জানানো হয়।অভিযুক্তকে গ্রেফতার করা না হলে ধরনায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বেল্লাল মোল্লার অভিযোগ,২০১৩ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। ২০১৯ সাল থেকে তাঁকে ও তাঁর পরিবারের উপর একাধিকবার হামলা ও অত্যাচার চালানো হয়েছে। এমনকী তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও দাবি তাঁর। প্রাণ বাঁচাতে একসময় টানা তিন দিন মাটির নীচে লুকিয়ে থাকতে হয়েছিল বলে জানান তিনি। তাঁর অভিযোগ, এই ঘটনাগুলির সঙ্গে খালেক মোল্লা যুক্ত।
বেল্লালের আরও দাবি, এত অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না। উল্টে তাঁকে বিজেপিতে যোগদান করানোর চেষ্টা চলছে। কোনওভাবেই তাঁকে দলে নেওয়া যাবে না বলে নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন তিনি।বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বলেও দাবি বেল্লালের। চারজন বুথ সভাপতি-সহ দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এই প্রতিবাদ মিছিলে দলের অভ্যন্তরীণ মতবিরোধও প্রকাশ্যে এসেছে।
