বুধবার, নভেম্বর 18, 2026
00:15:58 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শীতের আমেজের সঙ্গে বাড়ছে দূষণের চিন্তা, কতটা নিরাপদ কলকাতার বাতাস?

বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:শীতের হালকা আমেজ শহর কলকাতায়। সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি বাড়ছে। কিন্তু শীতের এই মনোরম আবহাওয়ার মধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে বায়ুদূষণ। শহরের বাতাসে বাড়ছে ধূলিকণা ও দূষণের মাত্রা। ফলে প্রশ্ন উঠছে, কলকাতার মানুষ প্রতিদিন যে বাতাসে শ্বাস নিচ্ছেন, তা কতটা নিরাপদ?১৫ নভেম্বর রবিবার কলকাতার একাধিক বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা উদ্বেগজনক জায়গায় পৌঁছয়। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এলাকায় বায়ুর গুণমান সূচক বা AQI ছিল ২১৯। ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় এই সূচক পৌঁছয় ২১২-তে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মাপকাঠিতে ২০১ থেকে ৩০০-এর মধ্যে একিউআই থাকলে তাকে ‘খারাপ’ শ্রেণিতে ধরা হয়। অন্যদিকে,বালিগঞ্জে AQI ছিল ১৬১ এবং বিধাননগরে ১৪৬। অর্থাৎ শহরের বিভিন্ন এলাকায় দূষণের মাত্রায় যথেষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

সম্প্রতি ছটপুজো উপলক্ষে বিভিন্ন এলাকায় বাজি ফাটানোর ঘটনাও দূষণ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে কালীপুজো ও দীপাবলির সময়েও বাজির ধোঁয়া শহরের বাতাসের উপর প্রভাব ফেলেছিল। পরিবেশকর্মীদের একাংশের আশঙ্কা, পরপর উৎসব এবং শীতের আবহাওয়া মিলিয়ে দূষণের সমস্যা আরও বাড়তে পারে।বিশেষজ্ঞদের মতে, শীতকালে তাপমাত্রা কমে গেলে এবং বাতাসের গতি কম থাকলে দূষিত কণা সহজে উপরের দিকে ছড়িয়ে যেতে পারে না। ফলে তা মাটির কাছাকাছি বাতাসে জমে থাকে। এর সঙ্গে গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলো, রাস্তার ধুলিকণা এবং বিভিন্ন জায়গায় বর্জ্য পোড়ানোর মতো বিষয়ও দূষণ বাড়াতে পারে।এই দূষণের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে শিশু, বয়স্ক এবং হাঁপানি বা হৃদ্‌রোগে আক্রান্ত মানুষের উপর। দীর্ঘ সময় দূষিত বাতাসে থাকলে কাশি, শ্বাসকষ্ট এবং চোখে জ্বালার মতো সমস্যা দেখা দিতে পারে।

তাই এখনই প্রয়োজন দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ। নিয়মিত রাস্তা পরিষ্কার, নির্মাণস্থলে ধুলো নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া পরীক্ষা এবং খোলা জায়গায় বর্জ্য পোড়ানো বন্ধ করার দিকে নজর দিতে হবে। পাশাপাশি বাজি ফাটানোর ক্ষেত্রেও নিয়ম মানা জরুরি।শীতের আনন্দ যেন দূষণের কারণে আতঙ্কে পরিণত না হয়। কলকাতাকে বাসযোগ্য রাখতে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। কারণ পরিষ্কার বাতাস কোনও বিলাসিতা নয়, সুস্থভাবে বেঁচে থাকার মৌলিক প্রয়োজন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন