বীরভূমের বল্লভপুরডাঙায় রেশন কম দেওয়ার অভিযোগ শুনে সরেজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। অভিযোগের ভিত্তিতে কমলাকান্তপুরের রেশন ডিলার দেবাশিস গোস্বামীকে সাসপেন্ড এবং আইনি পদক্ষেপের নির্দেশ।
বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:রেশন গ্রাহকদের প্রাপ্য খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগে বীরভূমের এক রেশন ডিলারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। কমলাকান্তপুর গ্রামের রেশন ডিলার দেবাশিস গোস্বামীকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। বোলপুরের বল্লভপুরডাঙা গ্রামে বাড়ি বাড়ি ঘুরে রেশন গ্রাহকদের সঙ্গে কথা বলতে গিয়ে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। এরপরই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ওই গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তাঁদের কাছ থেকে রেশন পরিষেবা নিয়ে অভিযোগ শোনেন। গ্রামবাসীদের অভিযোগ, সংশ্লিষ্ট ডিলার তাঁদের প্রাপ্য রেশন সামগ্রী পুরোপুরি দিচ্ছিলেন না। কাউকে দু’কেজি, কাউকে চার কেজি, আবার কাউকে পাঁচ কেজি করে চাল ও গম কম দেওয়া হচ্ছিল। অর্থাৎ, সরকারি বরাদ্দ অনুযায়ী খাদ্যসামগ্রী না পাওয়ার অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক।শুধু রেশন কম দেওয়াই নয়, সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রেশন নিতে গেলে তাঁদের সঙ্গে সঠিক ব্যবহার করা হত না। গ্রামবাসীদের কাছ থেকে এই সমস্ত অভিযোগ শোনার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।
এরপরই ডিলার দেবাশিস গোস্বামীকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেন অশোক কীর্তনিয়া। রেশন ব্যবস্থায় অনিয়ম এবং গ্রাহকদের প্রাপ্য খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগের ক্ষেত্রে সরকার যে কঠোর অবস্থান নিতে চলেছে, এই পদক্ষেপের মাধ্যমে সেই বার্তাই দিতে চাইল খাদ্য দফতর।
