বুধবার, নভেম্বর 18, 2026
00:16:03 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দূষণের কালো মেঘ কাটছে গঙ্গা-হুগলিতে! ৩৭.৭৬% কমল ধাতব দূষণ,তথ্য প্রকাশ আইআইটি খড়্গপুরের

আইআইটি খড়্গপুরের গবেষণায় উঠে এল গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণ কমার তথ্য। ৩৭.৭৬ শতাংশ কমেছে Pollution Load Index। নমামি গঙ্গে প্রকল্পের পর মিলেছে ইতিবাচক ইঙ্গিত।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:গঙ্গা ও হুগলি নদীর মোহনায় ধাতব দূষণ উল্লেখযোগ্যভাবে কমেছে।আইআইটি খড়্গপুরের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই আশার খবর। গবেষকদের দাবি, গঙ্গা-হুগলি মোহনার পলিতে ধাতব দূষণের মাত্রা নির্ণয়ের সূচক বা পলিউশন লোড ইনডেক্স দীর্ঘমেয়াদে ৩৭.৭৬ শতাংশ কমেছে। পরিবেশ সংরক্ষণ ও নদী পুনরুজ্জীবনের ক্ষেত্রে এই তথ্যকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

১৭ নভেম্বর কলকাতা থেকে প্রকাশিত প্রেস ইনফরমেশন ব্যুরোর বিজ্ঞপ্তিতে এই গবেষণার কথা জানানো হয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা ‘জিওহেলথ’-এ। গবেষণায় নেতৃত্ব দিয়েছেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক পার্থসারথি চক্রবর্তী। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন সোহম চট্টোপাধ্যায়, অনিন্দ্য দাস-সহ মোট ছয়জন গবেষক।

গবেষণায় ভারত,চিন ও আমেরিকার মোট ১০টি নদীর মোহনার দূষণ পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এর জন্য ১,৩২৩টি গবেষণাপত্র পর্যালোচনা করে প্রায় ১৫০টি গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে।

বিশেষভাবে নজরে এসেছে ২০১৪ সালের পরবর্তী সময়ের তথ্য। ওই বছর কেন্দ্রীয় সরকারের ‘নমামি গঙ্গে’ প্রকল্প শুরু হয়। গবেষণায় দেখা গিয়েছে, এই সময়ের পর গঙ্গা-হুগলি মোহনায় ধাতব দূষণের মাত্রা কমার প্রবণতা তৈরি হয়েছে। তবে এই উন্নতির পেছনে শুধু একটি প্রকল্পকেই একমাত্র কারণ হিসেবে দেখছেন না গবেষকরা। পরিবেশ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ, বর্জ্য ব্যবস্থাপনা এবং শিল্পক্ষেত্রে নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

গবেষণায় আরও দেখা গিয়েছে, মহানদীর মোহনায় দূষণ সূচক কমেছে ৭০.৪৬ শতাংশ। আমেরিকার হাডসন নদীতেও কমেছে ৮০.৬৮ শতাংশ।

তবে গবেষকদের সতর্কবার্তা, এই সাফল্য ধরে রাখতে নিয়মিত নদীর জল ও পলির গুণমান পরীক্ষা, বর্জ্য শোধন এবং দূষণ নিয়ন্ত্রণে ধারাবাহিক পদক্ষেপ জরুরি। গঙ্গা-হুগলি নদী ব্যবস্থার পরিবেশ রক্ষায় এই গবেষণা নিঃসন্দেহে নতুন আশার বার্তা দিচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন