বাংলাদেশে ফের রাজনৈতিক অস্থিরতা। আওয়ামী লীগের বিক্ষোভ,শ্রমিক আন্দোলন, সংঘাত ও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে উত্তেজনার মধ্যে রাজনৈতিক ঐক্যের ডাক প্রধানমন্ত্রী তারেক রহমানের।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ফের তীব্র অস্থিরতা ও সহিংসতার ঢেউ বইছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তদারকি সরকারের আমলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক ও অনুগামীরা বিভিন্ন জেলায় রাস্তায় নেমে প্রতিবাদ ও বিক্ষোভে শামিল হয়েছেন। দেশের একাধিক প্রান্ত থেকে সংঘাত,অবরোধ ও অগ্নিসংযোগের খবর সামনে আসায় পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের কর্মসূচি ও হরতাল-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে, যার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামও উঠে এসেছে।অন্যদিকে চট্টগ্রামে প্রাক্তন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়েছে।
এই অস্থিরতার আবহে তৈরি পোশাক (আরএমজি) শিল্পেও শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবিতে সাভার, আশুলিয়া, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ এবং মহাসড়ক অবরোধে বহু কারখানা বন্ধ রাখতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের একাংশ এই পোশাক শ্রমিক আন্দোলনের পেছনেও আওয়ামী লীগের উস্কানি ও ষড়যন্ত্র দেখছে বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগ ও শেখ হাসিনার সম্ভাব্য পুনরুত্থান রুখতে নতুন করে রাজনৈতিক ঐক্য ও জোট গঠনের আহ্বান জানিয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট টেনে এনে তিনি বিরোধী শক্তিগুলোকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন।
এই জোটের ডাক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ ও বিতর্ক শুরু হয়েছে। সমালোচক ও পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছে, এই পদক্ষেপের মধ্য দিয়ে জামায়াতে ইসলামী, এনসিপি-সহ বিভিন্ন কট্টরপন্থী, পাকিস্তানপন্থী, ভারতবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী শক্তিগুলোকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে। এমনকি তারেক রহমানের দল বিএনপির তৃণমূল স্তরেও আওয়ামী লীগের মোকাবিলায় জামায়াতের সঙ্গে হাত মেলানোর বিষয়টি নিয়ে ক্ষোভ ও অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে।
বর্তমান সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রসঙ্গ। ভারত থেকে তাঁর দেশে ফেরার উদ্যোগ ও প্রস্তুতির খবরে বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। এই আবহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী,মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের পক্ষের মানুষ এবং হাসিনার অনুগামীদের একাংশ নতুন করে সংগঠিত হয়ে রাস্তায় নামছেন বলে দাবি করা হচ্ছে।
সামগ্রিক এই অস্থিরতা ও আন্দোলনের পেছনে বাইরের মদত রয়েছে বলেও অভিযোগ তুলেছে ঢাকার শাসক মহল ও তাদের মিত্ররা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ও সরকারের বিভিন্ন মহলের ইঙ্গিতে ভারতের দিকে আঙুল তোলা হয়েছে। পাশাপাশি জামায়াত,এনসিপি এবং বিএনপির একাংশের নেতাদের পক্ষ থেকে ভারতের গোয়েন্দা সংস্থা -এর বিরুদ্ধে এই আন্দোলনকে উস্কানি দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে। একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে টানাপোড়েন, অন্যদিকে পোশাক খাতের অস্থিরতা এবং জোট-পাল্টা জোটের রাজনীতি—এই ত্রিমুখী চাপে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে।
