রবিবার, নভেম্বর 22, 2026
02:13:54 | কলকাতা
সর্বশেষ সংবাদ

“লাল ঝান্ডার রাজনীতিতে বাংলার শিল্প পিছিয়েছে” — খড়্গপুর আইআইটির মঞ্চ থেকে বাম শাসনকে তীব্র আক্রমণ মোদির

খড়্গপুর আইআইটির ৭৫ বছর উপলক্ষে বাংলার শিল্পায়নের অতীত নিয়ে বাম শাসনকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিল্পপলায়ন, শ্রমিক রাজনীতি ও বিনিয়োগের প্রসঙ্গ তুলে ধরলেন তিনি।

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত: খড়্গপুর আইআইটির ৭৫ বছরের গৌরবময় যাত্রাকে সামনে রেখে বাংলার শিল্পায়নের অতীত নিয়ে বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর নিশানায় বামফ্রন্টের দীর্ঘ শাসনকাল এবং সেই সময়ের রাজনৈতিক সংস্কৃতি।প্রধানমন্ত্রীর অভিযোগ,শ্রমিক রাজনীতির নামে অস্থিরতা ও লাল ঝান্ডার দাপট বাংলার শিল্পক্ষেত্রকে দুর্বল করে দিয়েছিল।একসময় দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ রাজ্য বাংলা সেই রাজনৈতিক সংস্কৃতির কারণে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ে।

প্রধানমন্ত্রী বলেন, খড়্গপুর আইআইটির ইতিহাস শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের কাহিনি নয়, বরং স্বাধীন ভারতের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রযাত্রার প্রতীক। এই প্রতিষ্ঠান দেশের অসংখ্য মেধাবী ছাত্রছাত্রীকে তৈরি করেছে। অথচ বাংলার বিপুল মেধা ও দক্ষ মানবসম্পদকে কাজে লাগিয়ে আরও বড় শিল্পসম্ভাবনা তৈরি করার সুযোগ থাকলেও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে সেই সম্ভাবনা বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বাংলার শিল্পায়নের প্রসঙ্গ টেনে মোদি বাম আমলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য,শ্রমিক রাজনীতির নামে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, যার ফলে বহু শিল্পসংস্থা বাংলা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। শিল্পের অনুকূল পরিবেশ না থাকায় বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও রাজ্য পিছিয়ে পড়ে। সেমিকন্ডাক্টরের মতো আধুনিক ও সম্ভাবনাময় শিল্পক্ষেত্রে বাংলার অতীত সুযোগ হারানোর প্রসঙ্গও তাঁর বক্তব্যে উঠে আসে।

বাংলার শিল্পায়ন নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। একসময় ভারী শিল্প, ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন শিল্পে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ছিল বাংলা। কিন্তু পরবর্তী সময়ে শিল্পের প্রসার, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে রাজ্যের রাজনৈতিক পরিসরে বিতর্ক ক্রমশ তীব্র হয়েছে। সেই বিতর্কের কেন্দ্রে থেকেছে বাম শাসন, শ্রমিক আন্দোলন এবং শিল্পনীতির প্রশ্ন।

খড়্গপুর আইআইটির মঞ্চ থেকে প্রধানমন্ত্রী অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রযুক্তি, গবেষণা ও আধুনিক শিল্পের নতুন সম্ভাবনা তৈরির বার্তা দেন। তাঁর বক্তব্যের মূল সুর,শুধু মেধা বা পরিকাঠামো থাকলেই শিল্প গড়ে ওঠে না। প্রয়োজন স্থিতিশীল নীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং রাজনৈতিক সদিচ্ছা। ৭৫ বছরের আইআইটির গৌরবকে সামনে রেখে এদিন কার্যত বাংলার শিল্পায়নের ইতিহাস এবং বাম শাসনের রাজনৈতিক সংস্কৃতিকেই কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন