বাংলাদেশের নড়াইল জেলার বেন্দার চর গ্রামে ৫০টিরও বেশি বাড়ি ও একাধিক দোকানে আগুন লাগানোর অভিযোগ। বিএনপির দুই নেতার হত্যার পর উত্তেজনা ছড়ায়। সংখ্যালঘুদের উপর সরাসরি হামলার দাবি নস্যাৎ করেছে প্রশাসন। ভাইরাল ভিডিও পুরনো বা AI-নির্মিত বলে দাবি পুলিশের।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাংলাদেশের নড়াইল জেলায় রাজনৈতিক সংঘর্ষের জেরে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার, ২০ নভেম্বর কালিয়া পৌরসভার বেন্দার চর গ্রামে ৫০টিরও বেশি বাড়ি এবং একাধিক দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িও রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।
স্থানীয় সূত্রের দাবি, বিএনপির দুই নেতার হত্যার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা বিকেল ৪টার দিকে রওনা হলেও গ্রামের প্রবেশপথে গাছ ফেলে রাস্তা অবরুদ্ধ থাকায় পৌঁছতে দেরি হয়। রাত প্রায় ৮টা নাগাদ দমকল পৌঁছয়। ততক্ষণে অধিকাংশ আগুন নিভে গিয়েছিল।
প্রশাসনের ক্ষয়ক্ষতির হিসাব অবশ্য কিছুটা আলাদা। কালিয়া উপজেলা নির্বাহী আধিকারিকের দাবি, ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর হয়েছে এবং কয়েকটি বাড়িতে আগুন লাগানো হয়েছে। ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় হিন্দুদের বাড়িতে হামলা ও লুটপাটের দাবি ছড়ালেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সরাসরি হামলার কোনও ঘটনা ঘটেনি। নড়াইলের পুলিশ সুপার দাবি করেছেন, ভাইরাল কিছু ভিডিও পুরনো অথবা AI-নির্মিত। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।
