রবিবার, নভেম্বর 22, 2026
02:21:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘এমন কিছু করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়!’ বিধায়ক-মন্ত্রীদের কড়া বার্তা সুনীল বনশালের

রাজ্যে পালাবদলের ছয় মাসের মধ্যেই বঙ্গ বিজেপির অন্দরে গোষ্ঠীকোন্দল ও একাধিক অভিযোগের খবর। সল্টলেকের সাংগঠনিক বৈঠকে বিধায়ক, মন্ত্রী ও নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:রাজ্যে পালাবদলের পর মাত্র ছয় মাস। এরই মধ্যে বঙ্গ বিজেপির অন্দরে একাধিক অভিযোগ, গোষ্ঠীকোন্দল এবং নেতা-মন্ত্রীদের মধ্যে মতবিরোধের খবর সামনে আসছে। কোথাও দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য, কোথাও সাংগঠনিক বৈঠকে অনুপস্থিতি—এমন নানা অভিযোগ পৌঁছেছে দলের সাংগঠনিক নেতৃত্বের কাছে। এই পরিস্থিতিতে এবার দলীয় নেতা, বিধায়ক ও মন্ত্রীদের কড়া বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল।

শুক্রবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি, বিভাগীয় ইনচার্জ, বিভিন্ন সাংগঠনিক পদাধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক নেতা। সেই বৈঠকেই দলীয় শৃঙ্খলা এবং সাংগঠনিক নিয়ম মেনে চলার বিষয়ে কড়া নির্দেশ দেন বনশাল।

দলীয় সূত্রের খবর, নেতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—এমন কোনও আচরণ বা কাজ করা যাবে না, যার কারণে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়। সংগঠনের নিয়ম ভাঙা কিংবা বেনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কাউকে রেয়াত করা হবে না। নেতা, বিধায়ক, সাংসদ কিংবা মন্ত্রী—সকলের ক্ষেত্রেই একই নিয়ম কার্যকর হবে বলে বার্তা দেওয়া হয়েছে। সংগঠনকে এড়িয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা যাবে না বলেও সতর্ক করা হয়েছে। এমনকি কোনও সাংগঠনিক বৈঠকে নিজে উপস্থিত না থেকে প্রতিনিধিকে পাঠানোর প্রবণতা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে বলে সূত্রের খবর।

কোর কমিটির বৈঠকেও গুরুত্বপূর্ণ আলোচনা:

এদিকে শুক্রবার রাতে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা। দক্ষিণ কলকাতা অথবা বাইপাস সংলগ্ন কোনও স্থানে এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। বৈঠকে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার-সহ কোর কমিটির নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল এবং সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) সৌদান সিং-সহ কেন্দ্রীয় নেতৃত্বও থাকতে পারেন।

পুরসভা নির্বাচন, সাংগঠনিক সমন্বয়, কো-অর্ডিনেটর নিয়োগ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর।রাজ্যে ক্ষমতায় আসার পর সংগঠনের ভিত আরও মজবুত করতে বিজেপি নেতৃত্ব যে শৃঙ্খলার উপর বিশেষ জোর দিচ্ছে, সাম্প্রতিক এই বার্তা তারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন