শুক্রবার, নভেম্বর 20, 2026
01:00:47 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অন্ধ্রপ্রদেশের জঙ্গলে বড় অভিযান,৬৭০টি সচল গ্রেনেড সেলসহ বিপুল বিস্ফোরক উদ্ধার

অন্ধ্রপ্রদেশের রামপাচোদাভারাম জঙ্গলে বড় অভিযান চালাল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তল্লাশিতে উদ্ধার ৬৭০টি সচল গ্রেনেড লঞ্চার সেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত সামগ্রী। উদ্ধার হওয়া বিস্ফোরকের উৎস ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

রাজীব কুমার দাস,মানুষের মতামত: মাওবাদী কার্যকলাপের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী। অন্ধ্রপ্রদেশের রামপাচোদাভারাম জঙ্গল এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

অন্ধ্রপ্রদেশ স্পেশাল পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৬৭০টি সচল ব্যারেল গ্রেনেড লঞ্চার (বিজিএল) সেল। এছাড়াও ৪২টি নন-ইলেকট্রিক ডেটোনেটর, ২৫০ গ্রাম গানপাউডার, ২৫টি কর্ডেক্স, ১২টি বিস্ফোরক রিং এবং সাতটি সচল কার্তুজ উদ্ধার করা হয়েছে। তল্লাশিতে মিলেছে ১৬টি খালি ৬২ মিমি মর্টার কেস, ছয় মিটার ফিউজ এবং চিকিৎসা সামগ্রীও। জঙ্গলের মধ্যে গোপনে মজুত রাখা এই বিস্ফোরক ভান্ডার মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরকগুলির উৎস এবং মাওবাদীদের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিস্ফোরক নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন