জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ভুল রক্ত দেওয়ার অভিযোগের পর রোগীর মৃত্যু। বীরেন্দ্রনাথ শর্মার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন। ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব স্বাস্থ্যমন্ত্রীর।
তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে মৃত্যু হয়েছে কচুয়া বোয়ালমারী গ্রামের বাসিন্দা বীরেন্দ্রনাথ শর্মার। গত আট দিন ধরে কিডনির সমস্যায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, দু’দিন আগে তাঁকে ভুল রক্ত দেওয়া হয়েছিল। যদিও সেই ঘটনার সঙ্গে মৃত্যুর সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
জানা গিয়েছে, একই ওয়ার্ডে ভর্তি দুই রোগী বীরেন্দ্রনাথ শর্মা ও বলিন রায়ের রক্তের গ্রুপ নিয়ে বিভ্রাট ঘটে। অভিযোগ, এ পজিটিভ রক্তের গ্রুপের বলিন রায়কে এবি পজিটিভ এবং এবি পজিটিভ রক্তের গ্রুপের বীরেন্দ্রনাথকে এ পজিটিভ রক্ত দেওয়া হয়।
ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। এখন তদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে রোগীর পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ।
