ভুটানের ফুয়েন শোলিংয়ে ভারতীয় পর্যটক বোঝাই বাস দুর্ঘটনায় আহত ১৪ জন। এক মহিলা পর্যটকের আঘাত গুরুতর। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
তপন রায়,মানুষের মতামত: ভুটান বেড়াতে গিয়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়লেন ভারতীয় পর্যটকরা। মঙ্গলবার ভুটানের ফুয়েন শোলিং শহরের প্রাণকেন্দ্রে লামা বিল্ডিংয়ের কাছে ভারতীয় পর্যটক বোঝাই একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে মোট ১৪ জন ভারতীয় পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক খবর অনুযায়ী, এই দুর্ঘটনায় এক মহিলা পর্যটক গুরুতর আহত হয়েছেন। বাকি ১৩ জনের আঘাত তুলনামূলকভাবে সামান্য। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ও সহযোগিতায় উদ্ধারকাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। প্রাথমিক সূত্রে খবর, আহত ১৪ জনের শারীরিক অবস্থাই বর্তমানে স্থিতিশীল।
দুর্ঘটনার পর বাসচালকের শারীরিক পরীক্ষা করা হয়। ব্রেথ অ্যানালাইজার পরীক্ষায় চালকের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে চালকের ড্রাগ টেস্টও করা হতে পারে।
কীভাবে শহরের ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাসের গতিবেগ, চালকের ভূমিকা এবং রাস্তার পরিস্থিতি—সব দিকই তদন্তের আওতায় আসতে পারে। আপাতত আহত পর্যটকদের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।
