কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। ভোট পিছোনোর দায় বিরোধীদের উপর চাপালেও বাড়তি প্রস্তুতির সময় পাচ্ছে বিজেপি।ওয়ার্ড কো-অর্ডিনেটর নিয়োগ ঘিরে শুরু নতুন রাজনৈতিক জল্পনা।
পিয়ালী আচার্য,মানুষের মতামত:কলকাতা ও হাওড়ার পুরভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছে। ভোট পিছিয়ে যাওয়ার জন্য শাসকদল বিজেপি বিরোধীদের আদালত পর্যন্ত যাওয়াকে দায়ী করলেও বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে কিছুটা স্বস্তিতে গেরুয়া শিবির। অন্তত এমনটাই মনে করছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ। কারণ, পুরভোট নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় আপাতত নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে শাসকদল। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ, ভোট পিছিয়ে যাওয়ার নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের রাজনৈতিক কৌশল।
কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে। সিপিএম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পুরভোটের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে পুরসভাগুলির নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে পুরসভা পরিচালনার বিষয়টিও প্রশ্নের মুখে তুলেছে বিরোধীরা। অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, পুরভোট আটকে যাওয়ার দায় কোনওভাবেই বিরোধীদের নয়। শুভেন্দু অধিকারীর সরকারই পরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে রাখছে বলে দাবি হাত শিবিরের।
তবে এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কলকাতা পুরসভাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর একটি পরিকল্পনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। কলকাতা পুরসভার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ভাবনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। বিরোধীদের একাংশের প্রশ্ন, পুরভোটের আগে ওয়ার্ডভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতেই কি এই উদ্যোগ? কারণ, ওয়ার্ড কো-অর্ডিনেটরদের মাধ্যমে স্থানীয় স্তরে প্রশাসনিক কাজকর্ম এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় করা সম্ভব। একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগও তৈরি হতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পরিকল্পনার পিছনে বিজেপির দীর্ঘমেয়াদি নির্বাচনী অঙ্কও থাকতে পারে। পুরভোট কবে হবে, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তার আগেই ওয়ার্ডভিত্তিক সংগঠন সাজিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে শাসকদল। এমন পরিস্থিতিতে যাঁরা আগামী পুরভোটে বিজেপির প্রার্থী হতে পারেন, তাঁদেরই কি সংশ্লিষ্ট ওয়ার্ডের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দেওয়া হবে? এই প্রশ্ন ঘিরেই নতুন করে চর্চা শুরু হয়েছে। যদি এমনটা হয়, তাহলে নির্বাচনের আগেই সম্ভাব্য প্রার্থীরা নিজেদের এলাকায় জনসংযোগ এবং সাংগঠনিক ভিত মজবুত করার সুযোগ পাবেন। তবে এই সম্ভাবনার পক্ষে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।
যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁদের বক্তব্যে স্পষ্ট, ওয়ার্ড কো-অর্ডিনেটর নিয়োগের সঙ্গে পুরভোটের প্রার্থী নির্বাচনকে এক করে দেখার কোনও কারণ নেই। প্রশাসনিক প্রয়োজনে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন তাঁরা। বিজেপির তরফে এমন কোনও পরিকল্পনার কথা স্বীকার করা হয়নি।
তবে বিরোধী শিবিরের একাংশের দাবি, বিজেপি নেতাদের এই বক্তব্যকে সরলভাবে দেখার অবকাশ নেই। রাজনৈতিক কৌশলের কারণেই হয়তো সম্ভাব্য প্রার্থী বা নির্বাচনী প্রস্তুতির সঙ্গে কো-অর্ডিনেটর নিয়োগের কোনও যোগ নেই বলে জানানো হচ্ছে। তাঁদের মতে, পুরভোটের দিনক্ষণ ঘোষণা না হওয়া পর্যন্ত শাসকদল নিজের সাংগঠনিক প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবে।
এদিকে, কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস, প্রশাসনিক কাঠামো এবং স্থানীয় স্তরে জনপ্রতিনিধিত্বের প্রশ্নও নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিরোধীরা চাইছে দ্রুত ভোট হোক। অন্যদিকে, শাসকদলের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরসভাগুলিতে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করা।
সব মিলিয়ে পুরভোট পিছোনোর দায় নিয়ে রাজনৈতিক তরজা চললেও, তার মধ্যেই নির্বাচনী প্রস্তুতির অঙ্ক কষছে সব পক্ষ। আদালতের নির্দেশ, রাজ্য সরকারের অবস্থান এবং ওয়ার্ড কো-অর্ডিনেটর নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত—এই তিনটি বিষয়ই আগামী দিনে কলকাতা ও হাওড়ার পুরভোটের রাজনৈতিক সমীকরণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
