দার্জিলিং আবগারি দফতরের অভিযানে ফাঁসিদেওয়ার ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স থেকে ১০৯ কার্টন ও ৯৮১ লিটার শুল্কবিহীন বিদেশি মদ উদ্ধার। বাজেয়াপ্ত সামগ্রীর মূল্য ৩২ লক্ষাধিক টাকা।
তপন রায়,মানুষের মতামত:রোগী বহনের গাড়ি, অথচ ভিতরে সাজানো ছিল বিদেশি মদের কার্টন! অ্যাম্বুল্যান্সের আড়ালে চলছিল শুল্কবিহীন বিদেশি মদ পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মদ। বাজেয়াপ্ত করা হয়েছে অ্যাম্বুল্যান্স-সহ ৩২ লক্ষাধিক টাকার সামগ্রী। তবে অভিযানের সময় পালিয়ে যায় গাড়ির চালক।
দার্জিলিং আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ১১ নভেম্বর দার্জিলিং জেলার সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজের কাছে গোপন খবর আসে। এরপর নকশালবাড়ি এক্সাইজ স্টেশনের ওসি-র নেতৃত্বে ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাস রোডে অভিযান চালানো হয়। দীর্ঘক্ষণ নজরদারি ও ধাওয়ার পর BR01PS8863 নম্বরের বিশেষভাবে পরিবর্তিত অ্যাম্বুল্যান্সটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় ১০৯ কার্টন, মোট ৯৮১ লিটার শুল্কবিহীন বিদেশি মদ। বাজেয়াপ্ত মদ ও অ্যাম্বুল্যান্সের মোট মূল্য ৩২ লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে। কীভাবে এই পাচারচক্র কাজ করছিল এবং এর পিছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আবগারি দফতর। পলাতক চালকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
