প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ৭২ বছর বয়সে কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন।
সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। গত প্রায় তিন সপ্তাহ ধরে কলকাতার মুকুন্দপুরের ফর্টিস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত কয়েকদিন ধরে সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে জীবনাবসান হল প্রাক্তন মন্ত্রীর।
গত ২৪ সেপ্টেম্বর হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লকেজের কারণে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর মস্তিষ্কে স্ট্রোক হওয়ায় একের পর এক শারীরিক জটিলতা দেখা দেয়। পরে নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ এবং সেপটিক শকে আক্রান্ত হন তিনি। কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ায় চলছিল ডায়ালিসিস। শ্বাসপ্রশ্বাসের সুবিধার জন্য গলায় ট্র্যাকিওস্টমিও করা হয়েছিল।
একাধিক অঙ্গের কার্যক্ষমতা ব্যাহত হওয়ায় তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যা সত্ত্বেও শেষরক্ষা হল না। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
