বুধবার, নভেম্বর 11, 2026
18:32:03 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিধায়ক বনাম জেলা সভাপতি, পুরনো বনাম নতুন—গোষ্ঠীদ্বন্দ্বে প্রশ্নের মুখে নেতৃত্বের নিয়ন্ত্রণ

রিয়া গিরি,মানুষের মতামত:রাজ্যে ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই দলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। একের পর এক জেলায় প্রকাশ্যে আসছে দলের নেতা, বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের মধ্যে সংঘাত। কোথাও বিধায়কের সঙ্গে জেলা সভাপতির বিরোধ, কোথাও আবার পুরনো ও নতুন কর্মীদের মধ্যে ক্ষমতার লড়াই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, দলের অভ্যন্তরীণ বিবাদ এখন সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠছে।

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব বড় আকার নেয়। স্থানীয় বিবাদকে কেন্দ্র করে আহত হন বিজেপি বিধায়ক শুভাশিস ওম। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার পর বিধায়ক ও ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ। এক পক্ষের অভিযোগ, এলাকায় তোলাবাজির প্রতিবাদ করায় বিধায়ক আক্রান্ত হয়েছেন। অন্য পক্ষও পাল্টা অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্ব তদন্তের আশ্বাস দিয়েছে।একই ছবি দেখা গিয়েছে ব্যারাকপুরেও। বিধায়ক কৌস্তভ বাগচী এবং স্থানীয় বিজেপি নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্যে এসেছে। প্রাক্তন পুরপ্রধান উত্তম দাসকে দলে নেওয়া নিয়ে আপত্তি, বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং স্থানীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব বেড়েছে। এমনকি বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও তুলেছেন দলের কয়েকজন নেতা। যদিও কৌস্তভ বাগচী সেই অভিযোগ অস্বীকার করেছেন।

দক্ষিণ ২৪ পরগনার ফলতার মালিকপুরেও অটো ইউনিয়নের নিয়ন্ত্রণ ও টাকা আদায়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ উঠেছে। ঘটনায় বোমাবাজি, অটো ভাঙচুর এবং কয়েকজনের আহত হওয়ার খবর সামনে এসেছে। বিজেপির বিধায়ক দেবাংশপাণ্ডা অবশ্য এই ঘটনায় বিজেপির জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।বীরভূমের নানুরেও গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তা দিতে হয়েছে দলীয় নেতৃত্বকে। সম্প্রতি সাংগঠনিক বৈঠকে নেতাকর্মীদের নিজেদের মধ্যে বিবাদ না করে জেলা সভাপতির নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে। প্রকাশ্যে দলীয় বিরোধ বা সোশ্যাল মিডিয়ায় সাংগঠনিক বিষয় নিয়ে মন্তব্য করলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনায় জেলা সভাপতি সোমা ঘোষকে চার নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে শোকজ করেছে রাজ্য নেতৃত্ব।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির এই অন্দরের অশান্তির পিছনে রয়েছে ক্ষমতা ও সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েন। দীর্ঘদিনের বিজেপি কর্মীদের সঙ্গে অন্য দল থেকে আসা নেতাদের সমন্বয় নিয়েও প্রশ্ন উঠছে। কে এলাকায় দলের মুখ হবেন, কার হাতে থাকবে সংগঠনের দায়িত্ব, কে প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করবেন—এই প্রশ্নগুলিই সংঘাত বাড়াচ্ছে।বিজেপির সামনে এখন বড় চ্যালেঞ্জ নিজেদের ঘর সামলানো। বিরোধীদের মোকাবিলার পাশাপাশি দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে না পারলে তার প্রভাব আগামী দিনের রাজনীতিতেও পড়তে পারে। এখন দেখার, রাজ্য নেতৃত্ব কড়া পদক্ষেপ করে এই সংঘাত থামাতে পারে, নাকি গোষ্ঠীদ্বন্দ্বই আগামী দিনে দলের বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন