বুধবার, নভেম্বর 11, 2026
18:32:01 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সিবিআই সেজে নিজাম প্যালেসে ‘হানা’! সরকারি চাকরির নামে জালিয়াতির ছক, পুলিশের জালে তিন ভুয়ো

নিজাম প্যালেসের এসএসসি দফতরে সিবিআই আধিকারিক সেজে ঢোকার অভিযোগে গ্রেফতার তিনজন। উদ্ধার জাল পরিচয়পত্র, সরকারি বোর্ড লাগানো গাড়ি ও ভুয়ো নিয়োগপত্র। সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগে তদন্ত শুরু পুলিশের।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:সিবিআই আধিকারিক পরিচয়ে নিজাম প্যালেসের এসএসসি দফতরে ঢুকে জালিয়াতির ছক! শেষরক্ষা হল না। ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেফতার তিন ভুয়ো সিবিআই কর্তা। ধৃতদের নাম ব্রিপর্ষি বসু,শুভম সরকার ও পল্লব মণ্ডল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল সিবিআই পরিচয়পত্র, কেন্দ্রীয় সরকারের বোর্ড লাগানো একটি গাড়ি এবং একাধিক ভুয়ো নিয়োগপত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে তিনজন নিজাম প্যালেসে গাড়ি নিয়ে এসে এসএসসি দফতরে যায়। সেখানে ব্রিপর্ষি নিজেকে সিবিআইয়ের ডিএসপি এবং বাকি দু’জনকে ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। একটি মামলার তদন্তের কথা বলে কয়েকজন চাকরিপ্রার্থীর নথি ও তথ্য দেখতে চায় তারা। তাদের কথাবার্তা ও পরিচয়পত্র দেখে সন্দেহ হয় এসএসসি আধিকারিকদের। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়।

পুলিশের জেরায় এবং সিবিআইয়ের সঙ্গে যোগাযোগের পর তাদের পরিচয়ের ভুয়ো পর্দা ফাঁস হয়।তদন্তকারীদের সন্দেহ,সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলত এই চক্র। ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হতো চাকরিপ্রার্থীদের। ধৃতদের জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন