
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বিরোধী মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে মমতা বিরোধী মঞ্চকে কাজে লাগাতে চাইছেন কি না, সেই প্রশ্নের জবাবে দিলীপ বলেন, আসন্ন কয়েকটি রাজ্যের নির্বাচনকে সামনে রেখেই এই তৎপরতা। তাঁর দাবি, আগে আমন্ত্রণ পেয়েও মমতা ইন্ডিয়া জোটের কর্মসূচিতে যেতেন না।
সিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গেও কটাক্ষ করে দিলীপ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন যমদূতের সঙ্গেও দেখা করবেন। খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছেন।”
অন্যদিকে, ভিনরাজ্যে আলু পাঠানো নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের জবাবে দিলীপের দাবি, রাজ্য সরকারের নিষেধাজ্ঞায় আলুর বাজার নষ্ট হয়েছে। ভোট-হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। বিধবা ভাতা নিয়েও যোগ্য ও অযোগ্যদের যাচাইয়ের কথা বলেন। পাশাপাশি, পুলিশকে হুমকি দেওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রসঙ্গে দিলীপের মন্তব্য, পুলিশকে ধমকানোর অভ্যাস বন্ধ হওয়া উচিত।
