আলিপুরদুয়ারের মাদারিহাটের ইসলামাবাদে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ৭৭ কুইন্টাল সরকারি চাল ও গম। গ্রেফতার গুল নেহার বেগম। পলাতক মূল অভিযুক্ত আলতাফ হোসেনের খোঁজে তল্লাশি।
তপন রায়,মানুষের মতামত:সরকারি রেশন সামগ্রী পাচারের বড়সড় চক্রের হদিশ মিলল মাদারিহাটে! গোপন সূত্রে খবর পেয়ে ইসলামাবাদ এলাকায় এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৭৭ কুইন্টাল সরকারি চাল ও গম উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক মহিলাকে। তবে পুলিশের অভিযানের আগেই পালিয়ে গিয়েছে মূল অভিযুক্ত আলতাফ হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলতাফের বাড়ি থেকে ১৫০টি বস্তায় মজুত রাখা রেশন সামগ্রী উদ্ধার হয়েছে। এর পাশাপাশি পাচারের কাজে ব্যবহারের জন্য রাখা একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।ঘটনাস্থল থেকে আলতাফের স্ত্রী গুল নেহার বেগমকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়েছে।
অন্যদিকে, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই বিপুল পরিমাণ সরকারি খাদ্যশস্য কোথা থেকে এল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ। রেশন ডিলারদের যোগসাজশ রয়েছে কি না,সেটিও তদন্তের আওতায়।
