নিউ জলপাইগুড়ি স্টেশনে শিলচর-আরোনাই এক্সপ্রেসে যৌথ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার। দুই মহিলা-সহ তিনজন গ্রেফতার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।
তপন রায়,মানুষের মতামত:নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ১৫৬০৮ ডাউন শিলচর-আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় তল্লাশি চালিয়ে দুই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ ও GRP।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ১৮টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।ধৃত তিনজনের নাম আব্দুল হালিম মজুমদার (৩১), রাজিয়া বেগম লস্কর (২৮) এবং খাজিজা বেগম লস্কর (৩২)। তাঁদের বাড়ি অসমের হাইলাকান্দিতে। অসম থেকে চেন্নাই যাওয়ার পথেই তাঁদের আটক করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে তাঁদের নামিয়ে তল্লাশি চালায় পুলিশ। দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৮টি সাবানের বাক্স। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। মাদকের উৎস, গন্তব্য এবং পাচারচক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
