শনিবার, অক্টোবর 31, 2026
15:36:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মেছোঘেরি নিয়ে ফের অশান্ত সন্দেশখালি! গৃহবধূ-সহ একই পরিবারের তিনজনকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় বিধায়কের প্রতিনিধি

সন্দেশখালির নলকোড়ায় মেছোঘেরি নিয়ে বিবাদকে কেন্দ্র করে গৃহবধূ-সহ একই পরিবারের তিনজনকে মারধর ও ভাঙচুরের অভিযোগ। বিধায়কের প্রতিনিধি সন্দীপ মণ্ডল-সহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ। অভিযোগ অস্বীকার অভিযুক্তের।

তপন রায়,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মেছোঘেরি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এক গৃহবধূ-সহ একই পরিবারের তিন সদস্যকে মারধর এবং মেছোঘেরিতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি নেজাট থানার ভাঙ্গিপাড়ার নলকোড়া এলাকার।

অভিযোগকারী রিতা দাসের দাবি, সন্দেশখালির বিধায়কের প্রতিনিধি সন্দীপ মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন তাঁদের বাড়িতে চড়াও হয়ে তাঁকে, তাঁর স্বামী জয়দেব দাস-সহ পরিবারের সদস্যদের মারধর করেন। আহতদের হাটগাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।পরে রিতা দাস রাজবাড়ি আউটপোস্টে সন্দীপ মণ্ডল-সহ মোট সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। আক্রান্ত পরিবারের আরও দাবি, ঘটনার পর তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সন্দীপ মণ্ডল। তাঁর দাবি, ভোটের পর থেকে এলাকায় কোনও অশান্তি হতে দেননি তিনি। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ ও জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।ঘটনার সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত পুলিশের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন