পাঞ্জাব বিধানসভা নির্বাচন ২০২৭ ঘিরে জল্পনা তুঙ্গে। অমিত শাহের এনডিএ বার্তা ও সুখবীর সিং বাদলের মন্তব্যে বিজেপি-আকালি জোটের সম্ভাবনা নিয়ে শুরু রাজনৈতিক চর্চা।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:সামনের বছরের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের সঙ্গে মণিপুর, গোয়া ও পাঞ্জাবের বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে পাঞ্জাবে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা জোরালো হয়েছে। রাজ্যে ক্ষমতাসীন অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মান-এর দল আম আদমি পার্টি (আপ) এবং প্রধান বিরোধী দল কংগ্রেস ছাড়াও এবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শিরোমণি আকালি দল নির্বাচনী ময়দানে রয়েছে। এছাড়া বামপন্থী দলগুলিও স্বাভাবিক নিয়মে নির্বাচনে অংশ নেবে।
সম্প্রতি পাঞ্জাবে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ ঘোষণা করেছেন যে, এনডিএ একজোট হয়ে পাঞ্জাবে লড়বে। এর পরেই শিরোমণি আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল ঘোষণা করেছেন যে, আকালি দল একটি আঞ্চলিক দল। তাদের আদর্শ ও নীতির সঙ্গে সামঞ্জস্য রয়েছে—এমন রাজনৈতিক দলের সঙ্গে জোট নিশ্চিত হতে পারে। সেদিক থেকে তিনি নাম না করে ইঙ্গিতে বিজেপির সঙ্গে আকালি দলের জোটের সম্ভাবনাই উস্কে দিয়েছেন।
রাজনৈতিক মহল মনে করছে, ত্রিমুখী লড়াইয়ে বিজেপি ও আকালি দলের জোট হলে তারা আম আদমি পার্টি এবং কংগ্রেসের কাছে এক শক্ত চ্যালেঞ্জ হিসেবে উঠে আসবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে কৃষক আন্দোলনের সময় আকালি দল এনডিএ জোট ত্যাগ করেছিল। কৃষকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে তারা বিজেপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল।
এখন কৃষক আন্দোলন অতীত এবং পাঞ্জাবে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। এর ওপর ভিত্তি করে আকালি দল প্রধান সুখবীর সিং বাদলের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহল মনে করছে, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে আকালি দল ও ভারতীয় জনতা পার্টির মধ্যে জোট গড়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, যা আম আদমি পার্টি এবং কংগ্রেসকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন যে দিকে এগোচ্ছে, তাতে একটি ঝুলন্ত বিধানসভা হওয়ার সম্ভাবনাও যথেষ্ট প্রবল। অন্যদিকে, ‘আপ’-এর জনসমর্থন কিছুটা নিম্নমুখী বলে মনে করা হচ্ছে। এছাড়া ড্রাগ মাফিয়াদের আম আদমি পার্টি মদদ দিচ্ছে এবং এমনকি সীমান্ত পারের সন্ত্রাসবাদীদেরও তারা মদদ দিচ্ছে—এই সমস্ত অভিযোগ নিয়ে এখন পাঞ্জাবে জোরদার রাজনৈতিক চর্চা চলছে। ভারতীয় জনতা পার্টি মূলত আম আদমি পার্টিকেই টার্গেট করে তাদের নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে।
