নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ২০২১ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটের ঘটনা ফের আলোচনায়।বাঙুর ইনস্টিটিউটের ১১ মার্চের রিপোর্ট উদ্ধৃত করে নতুন তদন্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
দীপঙ্কর মন্ডল,মানুষের মতামত:নন্দীগ্রামের উপনির্বাচনের আগে পাঁচ বছর আগের একটি ঘটনা ফের রাজনৈতিক আলোচনায়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর পায়ে প্লাস্টার নিয়ে প্রচার এবং গোটা ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।
এবার সেই পুরনো ঘটনাতেই নতুন করে প্রশ্ন তুলেছেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নে তিনি ২০২১ সালের ১১ মার্চের বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-র একটি রেডিওলজি রিপোর্টের কথা উল্লেখ করেন। রিপোর্টে “No evidence of fracture or dislocation” লেখা রয়েছে বলে জানান তিনি।
শুভেন্দুর বক্তব্য, নির্বাচনী বিধিনিষেধ শেষ হলে ওই সময়ের প্রচার নিয়ে নতুন করে তদন্ত হতে পারে। ৯ অক্টোবরের পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানোর কথাও বলেছেন তিনি।তবে পাঁচ বছর পর পুরনো সেই ঘটনা ফের সামনে আসায় নন্দীগ্রামের সাধারণ মানুষের মধ্যেও শুরু হয়েছে আলোচনা। ভোটের আগে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি,২০২১ সালের সেই ঘটনার আসল সত্য কী ছিল—সেটাই এখন নতুন করে প্রশ্ন হয়ে উঠেছে।
