শনিবার, অক্টোবর 3, 2026
18:50:39 | কলকাতা
সর্বশেষ সংবাদ

“লালু-কেজরিওয়ালের জেল হলে মমতার নয় কেন?”বিস্ফোরক অগ্নিমিত্রা,তুঙ্গে রাজনৈতিক তরজা!

মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে হেফাজতে জিজ্ঞাসাবাদের দাবি অগ্নিমিত্রা পালের। লালুপ্রসাদ, কেজরিওয়াল ও জয়ললিতার প্রসঙ্গ টেনে তাঁর মন্তব্যে নতুন রাজনৈতিক তরজা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফের সরব রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী হিসেবে তৎকালীন প্রশাসনের শীর্ষে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগের প্রশাসনিক দায় এড়াতে পারেন না। একইসঙ্গে, তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলেও মন্তব্য করেছেন অগ্নিমিত্রা।

অগ্নিমিত্রার বক্তব্য, দেশের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও জেলের নজির রয়েছে। সেই প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন—লালুপ্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল বা জয়ললিতার ক্ষেত্রে যদি আইন নিজের পথে চলতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তদন্ত ও জিজ্ঞাসাবাদ হবে না কেন? তাঁর কথায়, দেশের আইন কারও ঊর্ধ্বে নয়; তাই আদালত, পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের মাধ্যমেই বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।

এখানেই থামেননি অগ্নিমিত্রা। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মমতার প্রতিবাদ প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সকলেরই রয়েছে। তবে দুর্নীতি ও প্রশাসন নিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা শুধুমাত্র সভা-সমাবেশের মাধ্যমে বদলানো সম্ভব নয়।অগ্নিমিত্রার এই মন্তব্য ঘিরে ফের তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।এখন প্রশ্ন, এই বক্তব্যের পাল্টা কী জবাব দেয় তৃণমূল?

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন