বসিরহাটের হাড়োয়ার তালবেড়িয়ায় রাতে বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত ৫ গ্রামবাসী। ঘটনাস্থল থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। তদন্তে পুলিশ।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বৃহস্পতিবার ভোররাতে পরপর বোমার শব্দে আতঙ্ক ছড়াল বসিরহাটের হাড়োয়া থানার তালবেড়িয়া গ্রামে।অভিযোগ,রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে একদল দুষ্কৃতী গ্রামে বোমাবাজি চালায়। ঘটনায় পাঁচ জন গ্রামবাসী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘর থেকে বেরিয়ে পড়েন বহু মানুষ।আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে যায় এলাকায়। আহত পাঁচ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে আইএসএফ। নেতা পিয়ারুল ইসলামের দাবি, ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই; বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই ঘটনা বলে পাল্টা দাবি তাঁর।ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
