বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
07:10:11 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিনিয়োগের খোঁজে শুভেন্দু,রিলায়্যান্সের সঙ্গে নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক:শিল্পের মানচিত্রে বদলাবে ‘বাংলা’?

নবান্নে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক। ডেটা সেন্টার, কেবল ল্যান্ডিং স্টেশন, বিদ্যুৎ, ফুড পার্ক ও হাসপাতাল-সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আদানির পর এবার রিলায়্যান্স। বাংলায় শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা ঘিরে ফের আশার আলো দেখছে নবান্ন। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্তারা। বৈঠকে বাংলায় একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, সম্ভাব্য প্রকল্পের তালিকায় রয়েছে ডেটা সেন্টার, আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন, কয়লা থেকে গ্যাস উৎপাদন, বিদ্যুৎ, ফুড পার্ক, সড়ক পরিকাঠামো এবং হাসপাতাল। বিশেষ নজরে রয়েছে দিঘায় আন্তর্জাতিক কেবল ল্যান্ডিং স্টেশন। এই প্রকল্প বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে বাংলার সংযোগ আরও শক্তিশালী হতে পারে।

তবে এখনও কোনও প্রকল্পের বিনিয়োগের অঙ্ক বা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোন প্রকল্পে কত জমি প্রয়োজন, কোথায় জমি পাওয়া যাবে এবং কী ধরনের পরিকাঠামো প্রয়োজন—তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। রাজ্যের তরফে সম্ভাব্য জমি ও পরিকাঠামো সংক্রান্ত তথ্যও রিলায়্যান্স প্রতিনিধিদের দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।শিল্পের পাশাপাশি কর্মসংস্থান নিয়েও প্রত্যাশা তৈরি হয়েছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে কত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হবে, সেটিও গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।মুম্বই সফরে মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকের পর বাংলায় রিলায়্যান্সের সম্ভাব্য বিনিয়োগ নিয়ে যে আলোচনা শুরু হয়েছিল, নবান্নের এই বৈঠক সেই জল্পনাকে আরও জোরালো করেছে। তবে শেষ পর্যন্ত কতটা বিনিয়োগ বাস্তবে আসে, এখন সেদিকেই নজর শিল্পমহলের।

রিলায়েন্স কর্তাদের সঙ্গে মেগা বৈঠকের পর আজ আবারো অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎকে কেন্দ্র করে বাংলায় নতুন শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। রিলায়্যান্স-আদানি সহ বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্যের বিনিয়োগ-আলোচনার ধারাবাহিকতায় এই সাক্ষাৎও তাৎপর্যপূর্ণ।

Share with

আরো পড়ুন -