তেরপেখ্যা থেকে নন্দীগ্রামের পথে জোয়ারের প্রবল স্রোতে উলটে গেল যাত্রীবোঝাই নৌকা। প্রায় ১৫ যাত্রী সাঁতরে পাড়ে ফিরলেও জলে তলিয়ে যায় তিনটি মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত সাইকেল।
রাজকুমার বেরা,মানুষের মতামত:তেরপেখ্যা-নন্দীগ্রাম ফেরি সার্ভিসে বড়সড় বিপত্তি। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ মহিষাদলের তেরপেখ্যা ফেরিঘাট থেকে প্রায় ১৫ জন যাত্রী, তিনটি মোটরসাইকেল এবং একটি ব্যাটারিচালিত সাইকেল নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় একটি নৌকা। অভিযোগ, নৌকা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ জোয়ার শুরু হয়। প্রবল স্রোতের টানে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি উলটে যায়।
ঘটনার পর নৌকায় থাকা যাত্রীরা কোনওরকমে সাঁতরে পাড়ে ফিরে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। তবে নৌকায় থাকা তিনটি মোটরসাইকেল এবং একটি ব্যাটারিচালিত সাইকেলের এখনও সন্ধান মেলেনি বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৌকাটি কীভাবে উলটে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
