রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:48:19 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাবা রাজমিস্ত্রি,মা বিড়ি শ্রমিক!সেই ঘর থেকেই জাতীয় ফুটবল ট্রায়ালে হাসনাবাদের তাইবুর

হাসনাবাদের বোলদেপোতা গ্রামের তাইবুর মোল্লার জাতীয় ফুটবল দলে খেলার স্বপ্ন। রাজমিস্ত্রি বাবা ও বিড়ি শ্রমিক মায়ের সংগ্রামের মধ্যেই AIFF অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্যাম্পের ট্রায়ালে ডাক।

স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত:ইট-সিমেন্টের কাজ করেন বাবা, আর সকাল থেকে রাত পর্যন্ত বিড়ি বাঁধেন মা। অভাবের সংসারে নিত্যদিনের লড়াইয়ের মধ্যেই ফুটবলকে স্বপ্ন করে বড় হয়েছে হাসনাবাদের বোলদেপোতা গ্রামের কিশোর তাইবুর মোল্লা। সেই তাইবুর এবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এর অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্যাম্পের ট্রায়ালে ডাক পেয়েছে।

ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই ছোটবেলা থেকে গ্রামের মেঠোপথে অনুশীলন চালিয়ে এসেছে তাইবুর। কখনও রবারের বল, কখনও পুরনো খবরের কাগজ দড়ি দিয়ে মুড়ে তৈরি বল—এভাবেই চলেছে তার প্রস্তুতি। ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র তার আদর্শ। ইস্টবেঙ্গলের জার্সিতে মাঝমাঠে নজর কাড়ার পর এবার গোয়ার ফতোরদায় জাতীয় ট্রায়ালের সুযোগ পেয়েছে সে।

তাইবুরের লক্ষ্য একটাই—জাতীয় দলের জার্সি পরা। ছেলের স্বপ্ন পূরণে বাবা-মায়ের সংগ্রামই তার সবচেয়ে বড় প্রেরণা বলে জানিয়েছে পরিবার। এবার সেই স্বপ্ন কতটা পূরণ হয়, সেদিকেই তাকিয়ে হাসনাবাদ।

Share with

আরো পড়ুন -