রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:48:22 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘সভা আটকানোর চক্রান্ত’!কুণালের গাড়ি ভাঙচুর, শ্রীরামপুরের প্রতিবাদ সভায় বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তৃণমূলের

শ্রীরামপুরের কোর্ট ময়দানে প্রতিবাদ সভা ঘিরে উত্তেজনা। কুণাল ঘোষের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তৃণমূলের।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:শ্রীরামপুরের কোর্ট ময়দানে আয়োজিত প্রতিবাদ সভাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে হামলা, আইনশৃঙ্খলার অবনতি এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তোলেন। তাঁর দাবি,সভায় যোগ দেওয়ার আগে বিধায়ক কুণাল ঘোষের উপর হামলা চালানো হয় এবং তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনায় কুণাল ঘোষ আহত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

তৃণমূল সুপ্রিমোর আরও অভিযোগ,শ্রীরামপুরের সভায় তাঁর উপস্থিতি আটকানোর জন্য তাঁকে পরিকল্পিতভাবে গৃহবন্দি করে রাখার চেষ্টা করা হয়েছিল।পাশাপাশি, সভাস্থলে যাওয়ার বিভিন্ন রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী।সভা থেকে বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজনের রাজনীতি, রাজনৈতিক প্রতিহিংসা এবং হিংসার পরিবেশ তৈরির অভিযোগ আনা হয়। তৃণমূলের বক্তব্য, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দল আন্দোলন চালিয়ে যাবে।

মমতা দাবি করেন, রাজনৈতিক হিংসা ও বিভাজনের বিরুদ্ধে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন। একইসঙ্গে কুণাল ঘোষের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।তবে হামলা,গাড়ি ভাঙচুর এবং গৃহবন্দি করার চেষ্টার অভিযোগ নিয়ে বিজেপির প্রতিক্রিয়া এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনও জানা যায়নি।

Share with

আরো পড়ুন -