মনোনয়ন শেষ,এবার নিরাপত্তায় জোর! নন্দীগ্রাম-রেজিনগরে ৭১ কোম্পানি বাহিনী
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যে থাকা ১০০ কোম্পানি বাহিনী থেকেই নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হবে ৭১ কোম্পানি।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:আসন্ন উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পর্ব বুধবার শেষ হয়েছে। মনোনয়ন পর্ব শেষ হতেই নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর হয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনার পৌরহিত্যে বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার, আইজি সিআরপিএফ এবং এসটিএফের আধিকারিকরা। দুই কেন্দ্রই হাই প্রোফাইল হওয়ায় নিরাপত্তায় কোনও ধরনের ফাঁক রাখতে চাইছে না কমিশন।
ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, নন্দীগ্রামে ৩৭ কোম্পানি এবং রেজিনগরে ৩৪ কোম্পানি—মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। বৈঠকে ঠিক হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য থেকেই উপনির্বাচনের জন্য প্রয়োজনীয় ৭১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। ভোটপর্ব নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নজরদারি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
