সীমান্তে অস্ত্র পাচারের অভিযোগ,মালদায় দুই যুবক গ্রেফতার;উদ্ধার ৪টি ইম্প্রোভাইজড পিস্তল
মালদার গোলাপগঞ্জে অস্ত্র পাচারের অভিযোগে দুই যুবক গ্রেফতার,উদ্ধার চারটি ইম্প্রোভাইজড পিস্তল। কালিয়াচকে পৃথক অভিযানে প্রায় ৬ কেজি ব্রাউন সুগার-সহ গ্রেফতার এক।

তপন রায়,মানুষের মতামত:ভারত-বাংলাদেশ সীমান্তে অস্ত্র পাচারের অভিযোগে দু’জন যুবককে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মালদার গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সুবর্ণ মণ্ডল ও দীপঙ্কর মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতদের দু’জনেরই বাড়ি সীমান্ত লাগোয়া মিলিক সুলতামপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে চারটি ইম্প্রোভাইজড পিস্তল উদ্ধার হয়েছে।
অন্যদিকে,কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় পৃথক অভিযানে প্রায় ৬ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে দাবি তদন্তকারীদের। ঘটনায় আঞ্জু শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দক্ষিণ লক্ষ্মীপুরেই ওই ব্রাউন সুগার তৈরির কাজ চলছিল।
তদন্তকারীদের দাবি, কালিয়াচককেন্দ্রিক মাদক কারবারে ব্যবহৃত কাঁচামাল মায়ানমার থেকে সীমান্তপথে ভারতে আসতে পারে। এরপর কালিয়াচকে ব্রাউন সুগার তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে পুলিশের প্রাথমিক সন্দেহ। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
