নন্দীগ্রামে বিজেপির চমক!হাসি রানি রথই প্রার্থী,আজ শুভেন্দুর উপস্থিতিতে মনোনয়ন?

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নাম চূড়ান্ত করে প্রকাশ করেছে বিজেপি। বেশ কিছুদিন ধরেই তাঁকে প্রার্থী করার জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। আজই বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন হাসি রানি রথ। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী সরে আসার পর উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। একাধিক নাম সামনে এলেও শেষ পর্যন্ত হাসি রানি রথের উপরেই আস্থা রাখল দল।
অন্যদিকে,মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থী ঘোষণা করেছে। সেখানে শকরাভ সরকারকে প্রার্থী করা হয়েছে। দুই কেন্দ্রেই প্রার্থী ঘোষণা ঘিরে বিজেপির সংগঠনে তৎপরতা শুরু হয়েছে। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনকে সামনে রেখে প্রচার এবং রাজনৈতিক কর্মসূচি আরও জোরদার হতে চলেছে।
