ওভারটেক করতে গিয়েই বিপত্তি,নিমতৌড়ীতে ট্যাঙ্কারে ধাক্কা প্রাইভেট গাড়ির—অল্পের জন্য প্রাণে বাঁচল ৬

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:ওভারটেক করতে গিয়ে চলন্ত ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারল একটি প্রাইভেট গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গাড়িতে থাকা গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে হলদিয়া-মেছেদা জাতীয় সড়কের নিমতৌড়ীতে, জেলা শাসকের কার্যালয়ের সামনে।
জানা গিয়েছে, ট্যাঙ্কার ও প্রাইভেট গাড়ি দুটিই মেছেদার দিকে যাচ্ছিল। ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে গাড়িটি। গাড়িতে ছিলেন ছয়জন—দুই শিশু, দুই মহিলা ও দুই পুরুষ। দুর্ঘটনায় কয়েকজন আহত হন। খবর পেয়ে তমলুক থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে গাড়িটি সরিয়ে নেওয়া হয়।

