উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রায়গঞ্জের দিকনগরে এইমস-র প্রস্তাব এবং জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনা।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উত্তরবঙ্গে উন্নত চিকিৎসার পরিকাঠামো গড়ে তুলতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জে AIIMS এবং জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথা জানালেন তিনি। বৃহস্পতিবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দিকনগরে AIIMS তৈরির জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নির্বাচনের আগে উত্তরবঙ্গে AIIMS তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি জলপাইগুড়িতে একটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল এবং শিলিগুড়িতেও আরও একটি ক্যান্সার হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে।এই তিনটি প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের বহু রোগী উপকৃত হতে পারেন। উন্নত চিকিৎসার জন্য কলকাতা বা অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজনও কমতে পারে।তবে হাসপাতালগুলি তৈরির কাজ কবে শুরু হবে, কত টাকা খরচ হবে এবং কবে পরিষেবা চালু হবে,তা এখনও স্পষ্ট নয়। এখন নজর, ঘোষণার পর প্রকল্পগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়।
