শিলিগুড়ির শান্তিনগরে স্বর্ণ ব্যবসায়ী উত্তম সরকারকে মারধর করে ২০০ গ্রাম সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ। পালানোর সময় গুলি চালানোর অভিযোগে তদন্ত শুরু পুলিশের।
তপন রায়,মানুষের মতামত:রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনতাইয়ের অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে। শিলিগুড়ির শান্তিনগরের পঞ্চানন রোড এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত ব্যবসায়ীর নাম উত্তম সরকার।অভিযোগ, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে চার দুষ্কৃতী তাঁর পথ আটকায়। এরপর তাঁকে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয় এবং সোনা ও নগদ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। বাধা দিতে গেলে ব্যবসায়ীকে ড্রেনে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ।
স্থানীয়দের সাহায্যে দুষ্কৃতীদের পিছু নেওয়ার চেষ্টা করলে দুটি বাইকে চেপে পালানোর সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ব্যবসায়ীর দাবি, ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা এবং দেড় থেকে দুই লক্ষ টাকা নগদ ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। সশস্ত্র ছিনতাইয়ের অভিযোগে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
