বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026
04:00:57 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাদারিহাটে আগুনের গ্রাসে ৬ দোকান! দমকল পৌঁছল দেরিতে, ক্ষোভ ব্যবসায়ীদের?

আলিপুরদুয়ারের মাদারিহাটের টোটোপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই। শর্ট সার্কিটের প্রাথমিক অনুমান, দমকলের দেরিতে পৌঁছনো নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের।

তপন রায়,মানুষের মতামত:বুধবার ভোরে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের টোটোপাড়া মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান পুলিশ ও দমকলের। স্থানীয়দের অভিযোগ, একটি দোকানে প্রচুর চকোলেট বোম ও নিষিদ্ধ আতশবাজি মজুত ছিল। আগুন লাগার পর বাজি ফাটতে শুরু করলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

দমকলের পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, বীরপাড়া দমকলকেন্দ্রে চালক না থাকায় ইঞ্জিন পাঠানো সম্ভব হয়নি। প্রায় এক ঘণ্টা পর ফালাকাটা থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে একাধিক দোকান পুড়ে যায়। পরে মাদারিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের ভূমিকা এবং দোকানে বাজি মজুতের উপর নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন