
হাসানুজ্জামান,মানুষের মতামত:দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রায় দু’হাজার আমানতকারীর কাছ থেকে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আস্থা চিটফান্ড সংস্থার দুই কর্ণধারকে গ্রেফতার করল স্বরূপনগর থানার পুলিশ। ধৃতদের নাম মৃত্যুঞ্জয় সরকার ও স্বপন বিশ্বাস। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২২ সাল থেকে ওই সংস্থায় টাকা জমা করেছিলেন বহু মানুষ। প্রায় চার মাস আগে সংস্থার মূল গেটে তালা ঝুলিয়ে উদ্যোক্তারা চলে যাওয়ার অভিযোগ ওঠে। এরপর টাকা ফেরতের দাবিতে বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা পাননি আমানতকারীরা।
গত ২০ অক্টোবর মৃত্যুঞ্জয় সরকারের বাড়িতে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ আমানতকারীরা। ঘটনায় স্বপন বিশ্বাসকে আটক করে পুলিশ। ২৫ অক্টোবর টাকা ফেরতের প্রতিশ্রুতি মিললেও টাকা না পাওয়ায় স্বরূপনগর থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা।আমানতকারীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
