পুরভোটের প্রস্তুতিতে তৎপর কমিশন, এডজুডিকেশনে থাকা ভোটারদের ভোট নিয়ে অনিশ্চয়তা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: আসন্ন পুরভোটের প্রস্তুতিতে গতি আনল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার সংশ্লিষ্ট জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠকে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের চূড়ান্ত প্রস্তাব তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। তবে এডজুডিকেশন বা ট্রাইবুনালে বিবেচনাধীন থাকা ভোটারদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল। সময়ের অভাবে চলতি ডিলিমিটেশন ও আসন সংরক্ষণের প্রক্রিয়ায় তাঁদের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নেই বলেই কমিশন সূত্রে খবর।
বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। ওয়ার্ড পুনর্বিন্যাস, সংরক্ষণ, ইভিএম, ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকর্মী নিয়োগ নিয়ে আলোচনা হয়। সেপ্টেম্বরের মাঝামাঝি সংরক্ষণের খসড়া তালিকা এবং অক্টোবরের শেষ সপ্তাহে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
