বুধবার, নভেম্বর 18, 2026
00:16:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হারের ধাক্কা কাটিয়ে ফের আক্রমণাত্মক অভিষেক!নেপথ্যে কোন ‘মন্ত্র’,খোঁজ শুরু বিজেপির

বিধানসভা নির্বাচনে পরাজয়ের ছয় মাস পর ফের আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রাজনৈতিক সক্রিয়তার নেপথ্যে কি দলের সংগঠন মজবুত করার চেষ্টা, নাকি দিল্লির বিরোধী জোটের নতুন সমীকরণ? প্রশ্ন রাজনৈতিক মহলে।

সার্থক দাস গুপ্ত,মানুষের মতামত:বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কার্যত মুষড়ে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছ’মাস কাটতে না কাটতেই ফের তাঁকে যথেষ্ট সক্রিয় এবং আক্রমণাত্মক মেজাজে দেখা যাচ্ছে। হঠাৎ করে অভিষেকের এই ‘চাঙ্গা’ হয়ে ওঠার কারণ কী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে বিজেপির একাংশ। গেরুয়া শিবিরের নেতাদের একাংশের দাবি, নির্বাচনী ধাক্কার পর রাজনৈতিকভাবে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়লেও সাম্প্রতিক সময়ে ফের নিজের লড়াকু ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন অভিষেক।

বিধানসভা নির্বাচনের পর গত ছ’মাসে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে অভিষেকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নির্বাচনের পর নিজের সংসদীয় এলাকায় তাঁর সফর অনেকটাই কমেছে। একই সঙ্গে সংসদেও তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এই পরিস্থিতিতে হঠাৎ করে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় হয়ে ওঠা এবং একাধিক ইস্যুতে আক্রমণাত্মক বক্তব্য রাখাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিজেপি নেতৃত্বের একাংশ।

বিজেপির একাংশের ব্যাখ্যা, নির্বাচনী পরাজয়ের পরে দলের ভিতরে নিজের প্রভাব ধরে রাখতে চাইছেন অভিষেক। তৃণমূলের হাতে গোনা কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা-কর্মীকে পাশে রেখে তাঁদের উদ্দেশে জোরালো বার্তা দেওয়া, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানানো এবং বিজেপির বিরুদ্ধে সরব হওয়া—এই সবকিছুর মাধ্যমে নিজের ‘লড়াকু’ ইমেজ ফের প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তিনি। তাঁদের মতে, দলের কর্মীদের মনোবল বাড়াতেও এই ধরনের আক্রমণাত্মক রাজনীতি প্রয়োজন হয়ে পড়েছে অভিষেকের জন্য।

অন্য একটি ব্যাখ্যাও সামনে আনছে বিজেপি। তাদের একাংশের দাবি, দিল্লিতে বিরোধী জোটের বিভিন্ন নেতার সঙ্গে অভিষেকের যোগাযোগ এবং তাঁদের কাছ থেকে রাজনৈতিকভাবে পাশে থাকার আশ্বাস তাঁকে নতুন করে উৎসাহিত করেছে। জাতীয় স্তরে বিজেপি-বিরোধী রাজনীতিতে নিজের ভূমিকা আরও সক্রিয় করার সম্ভাবনাও তাঁকে রাজনৈতিকভাবে চাঙ্গা করেছে বলে মনে করছে গেরুয়া শিবিরের একটি অংশ। ফলে রাজ্য রাজনীতির পাশাপাশি দিল্লির বিরোধী রাজনীতিতেও নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন অভিষেক—এমনই দাবি বিজেপির।

তবে বিজেপির এই ব্যাখ্যার পাল্টা যুক্তিও রয়েছে। কারণ, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় অভিষেকের রাজনৈতিক ভাবমূর্তি ধাক্কা খেয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। কালীপুজোর আগে ৬ ও ৭ নভেম্বর মধ্যরাতে জন্মদিন পালনকে কেন্দ্র করে তাঁর অনুগামীদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। বিজেপির দাবি, ওই ঘটনায় অভিষেকের অনুগামীরা মারধরের শিকার হলেও তাঁদের পাশে কার্যত দাঁড়াতে পারেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এর পর ভবানীপুর থানায় হাজিরার ঘটনাকেও সামনে আনছে বিজেপি। থানায় হাজিরা দিয়ে বেরোনোর সময় অভিষেককে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে দাবি গেরুয়া শিবিরের। পরিস্থিতির মধ্যে দ্রুত থানা এলাকা ছেড়ে নিজের কালীঘাটের বাড়ির সামনে গিয়ে সাংবাদিক সম্মেলন করতে হয়েছিল তাঁকে—এমনই দাবি বিজেপির। গেরুয়া শিবিরের মতে, এই ঘটনাও অভিষেকের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

তবে তৃণমূলের পাল্টা বক্তব্য, রাজনৈতিক কর্মসূচি, প্রশাসনিক বিষয় এবং দলের সাংগঠনিক কাজের ভিত্তিতে অভিষেকের সক্রিয়তা বিচার করা উচিত। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর প্রতিটি পদক্ষেপকে ব্যাখ্যা করছে বলে দাবি তৃণমূলের।

নির্বাচনী পরাজয়ের পর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। তিনি কি দলের ভিতরে নিজের নেতৃত্ব আরও শক্ত করছেন, নাকি জাতীয় স্তরে বিজেপি-বিরোধী রাজনীতিতে নতুন ভূমিকা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। বিজেপির নজরও এখন অভিষেকের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন